ময়মনসিংহের হালুয়াঘাটের এক তরুণীর বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুরবাড়িতে মৃত্যু হয়েছে। গত ১৫ অক্টোবর নালিতাবাড়ীর একরামুলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে শ্বশুরবাড়ি থেকে অসুস্থতার কথা জানানোর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্ররোচনার অভিযোগে করা মামলায় পুলিশ নিহতের স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবারের দাবি, বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন চালিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। তবে অভিযোগ অস্বীকার করে স্বামী একরামুল দাবি করেন, মাঝরাতে ঘুম থেকে উঠে পাশের একটি ঘরে তিনি স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাহাদ রহমান জানান, নববধূকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, নিহত নববধূর বাবার মামলার পরিপ্রেক্ষিতে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: প্রথম আলো