নওগাঁর ধামইরহাটে ধানখেত থেকে হালিমা বেগম নামের এক বৃদ্ধার লাশ উদ্ধারের পর এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা উন্মোচনের দাবি করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
এর আগে গত সোমবার সকালে ধামইরহাটের ছিলিমপুর গ্রামের একটি বাঁশঝাড়ের পাশে ধানখেত থেকে হালিমার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বামীহীন নিঃসন্তান হালিমা বেগম (৬৫) থাকতেন বাবার বাড়িতে ছোট ভাইয়ের ঘরের পেছনে একটি ছাপরা ঘরে। মানুষের বাড়িতে কাজ করে এবং গরু-ছাগল ও হাঁস-মুরগি পালন করে চলত তাঁর সংসার। তাঁর জমানো টাকা ও সম্পদের প্রতি লোভ ছিল ছোট ভাই ও তাঁর স্ত্রীর।
এ ছাড়া মাদক বিক্রির তথ্য দেওয়া এবং জমিজমা নিয়ে বিরোধ ছিল আরও তিন প্রতিবেশীর সঙ্গে।
সূত্র: প্রথম আলো