গেবেখা টেস্টের চতুর্থ দিনটা যেন দুঃস্বপ্নের মতো কাটল অস্ট্রেলিয়ার। দিন শুরু করেছিল প্রথম ইনিংসে ১ উইকেটে ৩ রান নিয়ে, শেষ পর্যন্ত অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট হারিয়েছে তারা। সব মিলিয়ে এক দিনেই ১৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া।
দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৫৬ রান, এখনো পিছিয়ে ১৭০ রানে।টেস্ট ইতিহাস বলছে, অস্ট্রেলিয়ার জন্য এক দিনে ১৩ উইকেট হারানোর ঘটনা বিরল। ১৯৫৪-৫৫ মৌসুমে অ্যাশেজে সিডনি টেস্টের পর এই প্রথম এক দিনে ১৩ উইকেট হারাল তারা।প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া গেবেখায় বেকায়দায় পড়ার মূলে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন। প্রথম ইনিংসে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।
তাঁর সঙ্গে কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডারের দুটি করে উইকেট নিলে ৪২.৪ ওভারেই গুটিয়ে যায় প্যাট কামিন্সদের প্রথম ইনিংস।
সূত্র: প্রথম আলো