দৃষ্টিশক্তি হারানো মানুষ মাঝসমুদ্রে পড়ে সাঁতার কাটতে থাকা একজন মানুষ। চারদিকে অন্ধকার, সামনে এগোনোর পথও অজানা। তবু হাল ছাড়লে চলে না। অদম্য ইচ্ছাশক্তিই পারে সেই মানুষকে তীরে পৌঁছাতে। কথাগুলো বলছিলেন ৩৬ বছর বয়সী ওমর ফারুক মামুন। দুই চোখে দেখতে পান না তিনি। অথচ সেই মানুষই এখন অন্যদের কম্পিউটার প্রশিক্ষণ দেন।ওমর ফারুক মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। গ্রামে তাঁদের দ্বিতল বাড়ি আছে।
পরিবারের অবস্থা সচ্ছল হলেও নিজের পরিচয় তৈরি করার তাগিদ ছিল তাঁর। অন্যের ওপর নির্ভরশীল হয়ে নয়, নিজের যোগ্যতায় কিছু করতে চেয়েছেন তিনি। সেই চেষ্টায় তিনিও সফল হয়েছেন। তিনি এখন কম্পিউটার প্রশিক্ষক। ওমর ফারুকের দুই চোখে গ্লুকোমা ধরা পড়ে নবম শ্রেণিতে পড়ার সময়। চিকিৎসা করিয়েও দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি। ২০০৪ সালে তিনি এসএসসি পাস করেন। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ার সময় পুরোপুরি দৃষ্টিশক্তি হারান তিনি।
২০০৬ সালে তাঁর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
সূত্র: প্রথম আলো