আমাদের দেশে চিকিৎসাসেবা দিন দিন ব্যয়বহুল ও বাণিজ্যমুখী হয়ে ওঠার অভিযোগ যখন সাধারণ মানুষের মুখে মুখে, তখন অনেক চিকিৎসককে আমরা দেখি মানবতার সেবায় এগিয়ে আসতে। মানুষকে তাঁরা বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেন। টাঙ্গাইলের কালিহাতীর কুষ্টিয়া গ্রামে এমন এক উদ্যোগে প্রতি মাসের নির্দিষ্ট দিনে সেখানে দূরদূরান্ত থেকে আসা শত শত গ্রামীণ দরিদ্র মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন।
সমর চন্দ্র পণ্ডিত (এস সি পণ্ডিত) নামের একজন মানবিক চিকিৎসক এই চিকিৎসাসেবা দিচ্ছেন। গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. পণ্ডিতের এই সেবা কার্যক্রম কেবল লোকদেখানো কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সুপরিকল্পিত মানবসেবা।
গ্রামের মানুষকে জানাতে ১০ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে মাইকিং করা, উঠানে রোগীদের বসার সুব্যবস্থা এবং অপেক্ষমাণ রোগী ও স্বজনদের চা-পানের মাধ্যমে সম্মান প্রদর্শন—এই পুরো আয়োজনই সেবার সংজ্ঞাকে নতুন মাত্রা দেয়।ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময়ে শিক্ষক অধ্যাপক এ এফ মহিউদ্দিন খানের অনুপ্রেরণা এবং সিডর ও আইলার মতো প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় মানুষের পাশে দাঁড়ানোর যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন, তাকেই তিনি আজ পরিণত করেছেন নিজ গ্রামের সাধারণ মানুষের আত্মিক সেবায়।
সূত্র: প্রথম আলো