খুলনা নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে গুলির ঘটনা ঘটে।পরে পুলিশ তাওহিদুলের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।মো. লোকমান হোসেন, ওসি, খুলনা সদর থানা নিহত তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়।
এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তাওহিদুলের পিঠে একটি গুলি লাগে।
সূত্র: প্রথম আলো