বান্দরবানের লামায় পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ জিসাদ (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার গোজালিয়া ইউনিয়নের চিংককপাড়ায় এ ঘটনা ঘটে।জিসাদের বাবার নাম মিজানুর রহমান। তাঁরা রাজধানীর ভাষানটেকের পুরোনো কচুখেত এলাকায় থাকেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরভাটা গ্রামে।
জিসাদসহ ১২ জন তরুণ ঢাকা থেকে দুর্গম এলাকার পাওমুম থারক্লা ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের শিশুদের চিত্রাঙ্কন শেখাতে এসেছিলেন। এক সপ্তাহের এ কর্মশালায় অংশ নিতে তাঁরা গত শনিবার সেখানে পৌঁছান।স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে তরুণেরা পাড়ার কার্বারির (পাড়াপ্রধান) পুকুরে গোসল করতে নামেন। তাঁদের কেউ বাঁশের ভেলায় খেলছিলেন, কেউ ফুটবল বুকে নিয়ে সাঁতার কাটছিলেন। গোসল শেষে ফেরার সময় তাঁরা জিসাদকে খুঁজে পাচ্ছিলেন না।
পরে পুকুরে একটি ফুটবল ভাসতে দেখে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা।
সূত্র: প্রথম আলো