শরতের শেষভাগে এক পড়ন্ত বিকেলে তখন শীত আসি আসি ভাব; দক্ষিণ কলকাতার রাসবিহারি অ্যাভিনিউর ট্রাম লাইন ধরে মন্থর গতিতে এগিয়ে আসছে একটি ট্রাম। রাসবিহারি অ্যাভিনিউয়ের ডাব হাতে নিয়ে আনমনে রাস্তা পার হচ্ছিলেন এক ভদ্রলোক। ট্রাম কাছে আসতে আশেপাশের মানুষ চিৎকার করে সতর্ক করতে চাইলেন তাঁকে, অবস্থা বেগতিক দেখে চালক অবিরাম ঘণ্টা বাজালেন; কিন্তু কাজ হলো না। ট্রাম যখন থামল, তখন তাঁর দেহ ট্রামের তলায়।
ঘটে গেল ইতিহাসের প্রথম ট্রাম দুর্ঘটনা! এই দুর্ঘটনায় নির্জনতায় চলে যাবেন নির্জনতার কবি জীবনানন্দ দাশ।রাস্তার পাশের দোকান থেকে ছুটে এলেন দোকানদার চুনিলাল, তিনি কবির অচেতন দেহ উদ্ধার করলেন ট্রামের নিচ থেকে। ততক্ষণে ট্রামের ক্যাচারে আটকে ছিন্নভিন্ন হয়েছে তাঁর শরীর। ট্যাক্সিতে করে কবিকে নিয়ে যাওয়া হলো কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে।
দুর্ঘটনায় কবির কণ্ঠাস্থি, পাঁজরের হাড়, ঊরুর হাড় ভেঙে ভয়াবহ অবস্থা এবং এক্স–রে পরীক্ষায় দেখা যায় ফুসফুসে রক্ত জমাট বেঁধে গেছে, সব মিলিয়ে অবস্থা খুবই শোচনীয়।
সূত্র: প্রথম আলো