পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে হতে পারে ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, ৪৪ বছর বয়সী অ্যান্ডারসনকে ২০২৭ মৌসুমের জন্য নতুন চুক্তির প্রস্তাব দেবে না তাঁর কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার। গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে মাত্র ১৭ গড়ে ৫০ উইকেট শিকার করা সত্ত্বেও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁর জায়গা হয়নি। তবে অবসর নিয়ে অ্যান্ডারসন এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
প্রতিবেদন অনুযায়ী, ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস ও প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়ন গত সোমবার অ্যান্ডারসনের সঙ্গে বৈঠক করে ক্লাবের এই পরিকল্পনার কথা জানান। ফারব্রেস আগামী ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে ২০২৪ সালে ভারত সফরের পর ইংল্যান্ড দল থেকেও একই রকম অপ্রত্যাশিতভাবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে হয়েছিল টেস্টে ৭০৪ উইকেট নেওয়া এই বোলারকে।
২০০২ সালের মে মাসে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ক্যারিয়ারে মোট ১,১৯৩টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। পেশাদার ক্রিকেট ছাড়লে তিনি সংবাদমাধ্যমের কাজ এবং নিজের ‘টেইলেন্ডার্স’ পডকাস্ট ও ব্যবসায়িক উদ্যোগে মনোযোগ দিতে পারেন। তবে এই মুহূর্তে তাঁর কোচিং পেশায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
সূত্র: প্রথম আলো