রাজধানীতে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া প্রথম আলোকে এ তথ্য জানান।এসআই রিমন মিয়া বলেন, ঘটনার পর আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের ভাষ্য, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তিনি মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত ছিলেন।ঘটনার বিষয়ে এসআই রিমন মিয়া বলেন, তিনি জানতে পেরেছেন, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে (আলম শেখ) ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনেরা আলম শেখের কাছে তাঁর হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
তখন শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে তাঁকে বেধড়ক মারধর করতে থাকেন।মারধরে আলম শেখের মৃত্যু হয় বলে জানান এসআই রিমন মিয়া।
সূত্র: প্রথম আলো