স্পেনের বার্সেলোনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল মেলা শুরু হয়েছে। ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’ শীর্ষক এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান। ইউরোপের বাজারে রপ্তানি বৃদ্ধি ও নতুন ক্রেতা খুঁজে পাওয়াই এ অংশগ্রহণের উদ্দেশ্য বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ইপিবি এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্সেলোনার ফিরা দে বার্সেলোনা মোন্টজুইক প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া এ মেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১২টি দেশের ৩০০টির বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ইপিবির আর্থিক সহযোগিতা এবং মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান ইপিবির তত্ত্বাবধানে অংশ নিয়েছে।
বাকি চারটি প্রতিষ্ঠান অংশ নেয় সরাসরি।বুধবার সকালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।
সূত্র: প্রথম আলো