ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক রেস কোর্স মসজিদের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৭০০টি পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের প্রায় সবাই মুসলিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের সামনে বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, সরকারি উদ্যোগে ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে একাধিক বাড়িঘর। এর আগেই মসজিদ ও সংলগ্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি পরিষেবা, ঝোলানো হয়েছে উচ্ছেদের নোটিশ।
প্রশাসনের পদক্ষেপ ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের একাধিক রাজ্য থেকেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে প্রশাসনের বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠছে। সম্প্রতি বনভূমি দখলমুক্ত করতে আসামের তিনটি জেলায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন সরকার।রাজ্য প্রশাসনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে ৬৩৮ হেক্টরের বেশি জায়গা মুক্ত করা হয়েছে।
এর ফলে এক হাজারের বেশি পরিবার ভিটাছাড়া হয়েছে।
সূত্র: প্রথম আলো