নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে দায়ের কোপে শাহিন মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।গতকাল বুধবার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় শাহিনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শাহিন খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।পুলিশ, নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আওলাদ হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাই মোকারম মিয়ার বিরোধ চলছিল। গতকাল বিকেলে আওলাদের বাড়ির ইটের স্তূপ থেকে কিছু ইট সরিয়ে নিচ্ছিলেন মোকারম। আওলাদ বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় মোকারমের ছেলে রাব্বি দা নিয়ে বেরিয়ে আসেন। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে রাব্বির দায়ের কোপ লাগে শাহীনের গায়ে।
পরে পরিবারের সদস্যরা শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।
সূত্র: প্রথম আলো