বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে টিবি হাসপাতাল ও শিশু হাসপাতাল মাঠে তাঁর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এরপর অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মনিরুজ্জামান খান ফারুক কয়েকজনকে চড়থাপ্পড় ও পাইপ দিয়ে মারছেন।
তাঁর সঙ্গে মহানগর ছাত্রদলের সদস্যসচিব নাভিদুর রহমানসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী ছিলেন। প্রথমে দুজন এবং পরে আরও দুজনকে আটক করেন তাঁরা। অভিযানের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছাড়া কোনো ব্যক্তি অভিযান চালাতে পারেন না বলে মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের উপপরিচালক তানভীর হোসেন খান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে বিএনপি নেতার অভিযান চালানোর বিষয়টি তিনি পরে জেনেছেন।
সূত্র: প্রথম আলো