আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে রাঙামাটির সাজেকে আটকা পড়া ২ হাজার ৯৩৩ পর্যটক ফিরেছেন। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে নিরাপত্তা বাহিনীর পাহারায় তাঁদের খাগড়াছড়ি শহরে নিয়ে আসা হয়। পর্যটকেরা জানান, ফেরার পথে অবরোধকারীদের বাধা ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে ছিলেন। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে কথা হয় ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক আব্দুল মালেকের সঙ্গে। পরিবারের আট সদস্যকে নিয়ে বুধবার দুপুরে সাজেকে গিয়েছিলেন তিনি।
আগামীকাল শুক্রবার সকালে তাঁদের খাগড়াছড়িতে ফেরার কথা ছিল।আব্দুল মালেক বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ শুনি, একটি সংগঠন সড়ক অবরোধের ডাক দিয়েছে। আজ ফেরার পথে অবরোধকারীরা গাড়ি আটকে রেখেছিলেন। ভয়ভীতির মধ্যেও ভালোভাবেই খাগড়াছড়িতে পৌঁছেছি। এখন রাতে বাড়ি পৌঁছাতে পারলেই শান্তি।’ সাজেকের সাম্পারি গেস্টহাউসের কর্মচারী জুগেশ্বর ত্রিপুরা বলেন, ‘সাজেক বন্ধ ঘোষণা করায় বাড়ি ফিরছিলাম। উজো বাজারে এসে দেখি, গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের গাড়িগুলো নিয়ে আসেন।’তবে সাজেক থেকে ফিরে হোটেলের কক্ষ খালি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন পর্যটকেরা।
সূত্র: প্রথম আলো