বাংলাদেশের জনপ্রিয় দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার দেখা যাবে নেটফ্লিক্সে। আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’সহ হইচইয়ের ১৪টি সিরিজ যুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে। তবে নেটফ্লিক্সে ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পাবে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে।
হইচই ও নেটফ্লিক্সের নতুন অংশীদারত্বের আওতায় বাংলা ভাষার এসব গল্প হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দুই বছরে হইচইয়ে মুক্তি পাওয়া সব নতুন সিরিজ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একচেটিয়াভাবে নেটফ্লিক্সে দেখানো হবে।
পাশাপাশি হইচইয়ের আগে মুক্তি পাওয়া নির্বাচিত সিরিজও যুক্ত হবে প্ল্যাটফর্মটিতে।
সূত্র: প্রথম আলো