বলিউড তারকা সালমান খানকে ঘিরে আবারও নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার তদন্তে নতুন তথ্য পেয়েছে মুম্বাই পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলাকারীদের প্রথম লক্ষ্য ছিলেন সালমান। তাঁর বাড়ির আশপাশে নজরদারিও চালানো হয়েছিল। কিন্তু কড়া নিরাপত্তার কারণে পরিকল্পনা বদলে টাইগারকে নিশানা করা হয়। যদিও সালমানই মূল লক্ষ্য ছিলেন কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
এদিকে নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ, রণবীর সিংকে হুমকি এবং টাইগারের ওপর হামলার ঘটনায় বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তখন পুষ্পা নারসি মাঠে ফুটবল খেলে ফিরছিলেন অভিনেতা। মোটরসাইকেলে আসা তিন সন্দেহভাজনের মধ্যে দুজন গুলি চালান বলে পুলিশের দাবি।
টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন।
সূত্র: প্রথম আলো