বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা নিয়ে এসেছে অভাবনীয় প্রযুক্তির নতুন ‘রোডস্টার’। দ্রুতগতির এই গাড়িটি কেবল তীব্র বেগেই চলবে না, বিশেষ প্রযুক্তির সাহায্যে মাটি ছেড়ে আকাশেও ভাসতে পারবে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি এবং শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতিতে পৌঁছাতে সময় নেয় এক সেকেন্ডের কম সময়।রোডস্টারকে শূন্যে ভাসানোর মূল চালিকা শক্তি স্পেসএক্সের আদলে তৈরি ‘কোল্ড-গ্যাস থ্রাস্টার’ প্রযুক্তি।
গাড়িটির ‘রকেট’ সংস্করণে সর্বোচ্চ ১০টি থ্রাস্টার থাকবে। থ্রাস্টার খোলা ও বন্ধ করার জন্য ব্যবহার করা হবে বৈদ্যুতিক মোটর। গাড়িটির ফাঁকা স্থানে বসানো কার্বন ফাইবার ওভারর্যাপড প্রেশার ভেসেল (সিওপিভি) নামক বিশেষ ট্যাংকে অত্যন্ত উচ্চচাপে বাতাস জমা রাখা হয়। জ্বালানি না পুড়িয়েই থ্রাস্টারের মাধ্যমে এই বাতাস দ্রুত বাইরে বের করে বিপরীতমুখী বল সৃষ্টি করা হয়। নিচের দিকে বল প্রয়োগ করে গাড়িটি মাটি ছেড়ে ওপরে ওঠে।
বিশেষ এই সংস্করণে যাত্রী আসনের জায়গায় ৪০০ লিটারসহ মোট ৬০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক থাকবে।
সূত্র: প্রথম আলো