সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মেদের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিতিতে শাহেদের স্ত্রী কহিনুর আক্তারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। সেখান থেকে মরদেহ নিয়ে স্বজনেরা বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন।
ছুটি কাটিয়ে জেদ্দায় কর্মস্থলে ফেরার পথে গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় প্লাম্বার হিসেবে কর্মরত শাহেদ নিহত হন। ওই ঘটনায় নাসরুল্লাহ বদরপুরি নামের আরেক বাংলাদেশিও প্রাণ হারান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত এক মাসে দেশটিতে হামলায় নিহত তিন বাংলাদেশির মধ্যে শাহেদের মরদেহ আনা সম্ভব হয়েছে এবং বাকিদের মরদেহও দ্রুত ফেরানোর প্রচেষ্টা চলছে।
বগুড়ার গ্রামের বাড়িতে সরকারি চাচাইতারা-মাদলা যুক্ত উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শাহেদকে দাফন করা হবে। শাহেদের স্ত্রী কহিনুর আক্তার ও চাচাতো ভাই মাসুম রানা জানান, বাড়িতে জানাজা ও দাফনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে স্বজনরা মরদেহের অপেক্ষা করছেন। শাহেদ তাঁর পরিবারে ১১ ও ৬ বছর বয়সী দুই ছেলে রেখে গেছেন।
সূত্র: প্রথম আলো