‘কাবার ছায়ায় নবীজির দাদা আবদুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত। তাঁর সম্মানার্থে তাঁর কোনো সন্তান এ আসনে বসতেন না। মহানবী (সা.) এসে সে আসনেই বসতেন।’ (হাকিম নিশাপুরি, আল-মুসতাদরাক আলাস সহিহাইন, ২/৬০৬, দারুল কুতুব আল-ইলমিয়া, বৈরুত, ১৯৯০)মায়ের মৃত্যুর পর মক্কায় ফিরে ছোট্ট মুহাম্মদ (সা.) চলে এলেন দাদার স্নেহতলে। দাদার সাহচর্যে তিনি আশ্রয় পেলেন কাবার ছায়ায়।
অতি ছোটকালে যখন সবে জন্ম হয়েছে, তখনো দাদা একবার তাঁকে নিয়ে একেবারে কাবার ভেতরে প্রবেশ করেছিলেন।এখন নিয়মিত দাদার গৃহ ও কাবার আঙিনাই হয়ে উঠল তাঁর নিকেতন। বাবা ছিলেন না, মাও নেই আর। এতিম মুহাম্মদ। তবে তিনি রয়েছেন কাবার সান্নিধ্য ও প্রতিপালকের অতি নিকটে।আল্লাহ যেন এই অবস্থাকেই নবীজি (সা.)-কে একবার স্মরণ করিয়ে দিয়েছিলেন, ‘তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি?
অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।’ (সুরা দোহা, আয়াত: ৬)আবদুল মুত্তালিব নবীজিকে সার্বক্ষণিক নিজের সঙ্গে রাখতেন।
সূত্র: প্রথম আলো