রাতের আঁধারে ঝোপের ভেতর থেকে ভেসে আসছিল গোঙানির শব্দ। পাশের সড়ক দিয়ে চলাচল করা পথচারীরা তা শুনতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝোপে তল্লাশি চালায় পুলিশ। দেখা যায়, হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ঝোপের ভেতরে পড়ে রয়েছেন এক যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। গতকাল শুক্রবার রাতে এমনই ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকায়।
উদ্ধার হওয়া যুবকের নাম মো. আবদুল্লাহ আল আমিন (৩০)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের লোকুর দোকানসংলগ্ন আলী আজ্জম মৃধা বাড়ির বাসিন্দা।জাতীয়তাবাদী তাঁতী দলের সোনাগাজী উপজেলা শাখার সদস্যসচিব পদে রয়েছেন উদ্ধার হওয়া যুবক মো. আবদুল্লাহ আল আমিন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন আল আমিন।
তাঁর নিখোঁজের বিষয়ে গত শুক্রবার দুপুরে সোনাগাজী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত বুধবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজী বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আল আমিন।
সূত্র: প্রথম আলো