কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা যায়। আর তাই বিভিন্ন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ই–মেইল থেকে শুরু করে গবেষণাপত্র ও পত্রিকার কলাম লেখায় এআইয়ের ব্যবহার বাড়ছে। বর্তমানে অনেক এআই মডেল মানুষের লেখার মতোই সাবলীলভাবে লিখতে পারায় এআইয়ের সহায়তায় পুরোদস্তুর উপন্যাস বা গল্প লিখে ই–বুক আকারে প্রকাশ করছেন অনেকে।
তবে বিষয়টি নিয়ে সাহিত্য অঙ্গনে নানা ধরনের বিধিনিষেধ থাকায় এআইয়ের সহায়তায় লেখা বইয়ের জন্য ‘প্রি পাসকাল দ্য লিতেরাতুর আইএ’ নামের নতুন সাহিত্য পুরস্কার চালু করেছেন ফ্রান্সের তিনজন উদ্যোক্তা।আয়োজকদের তথ্যমতে, নতুন এ পুরস্কারের জন্য এআই বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) সহায়তায় ফরাসি ভাষায় লেখা ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে হবে।
পাশাপাশি, লেখাটি তৈরিতে কোন এআই মডেল ব্যবহার করা হয়েছে এবং কী ধরনের প্রম্পট বা নির্দেশনা দেওয়া হয়েছে, তা-ও জানাতে হবে।
সূত্র: প্রথম আলো