সৌদি আরবে সাতটি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।হুতিদের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, ইয়ানবুতে আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার এবং পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশন।
এ ছাড়া দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিও এ হামলার লক্ষ্যবস্তু ছিল। এ ছাড়া পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে চালানো অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।এদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় দুই অঞ্চলে সিভিল ডিফেন্সের দল অংশ নেয়।
এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় অনুমোদিত জরুরি ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর কিছু অংশ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় পড়ে।
সূত্র: প্রথম আলো