বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তি ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নানা অপ্রীতিকর ঘটনার কারণে দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের মাঝে যে নিরাপত্তাহীনতা ও শঙ্কার পরিবেশ তৈরি হতে আমরা দেখেছি, সেই বিবেচনায় এ বছরকে ব্যতিক্রম বলতেই হবে।
এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে গণতান্ত্রিক পরিবেশ এবং সরকার ও প্রশাসন আন্তরিক হলে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে নিজেদের উৎসব উদ্যাপন করতে পারেন।ঢাকাসহ দেশের সব জায়গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গত বুধবার শেষ হয় ছয় দিনের শারদীয় দুর্গাপূজা। প্রথম আলোর খবর জানাচ্ছে, পূজা-অর্চনা, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর ভক্তদের সমাগমে মুখর ছিল পূজামণ্ডপগুলো।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: প্রথম আলো