ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন। কলকাতার বেসরকারি একটি হাসপাতালে আজ রোববার সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।ভারতীয় চিত্রশিল্পের জগতে মাইলফলক তৈরি করেছিলেন যোগেন চৌধুরী। রাজনীতি ও সমাজের নানা অসংগতি নিয়ে তিনি ব্যঙ্গাত্মক ছবি আঁকতেন। ভারতীয় এবং ইউরোপীয় শিল্প আন্দোলনের প্রভাবও রয়েছে তাঁর আঁকায়।
বিভিন্ন সময়ে একাধিক দুর্গাপূজার থিমের নকশা করেছিলেন তিনি।যোগেন চৌধুরী ২০১৪ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন । ২০২০ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। দেশে বিদেশে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন শিল্পী।১৯৩৯ সালে বাংলাদেশের ফরিদপুরের দহরপাড়া গ্রামে জন্ম যোগেন চৌধুরীর। তাঁর পিতা প্রমথনাথ চৌধুরী ছিলেন ফরিদপুরের জমিদার। মা ভালো আলপনা দিতেন।
সেখান থেকেই ছবি আঁকায় আগ্রহ এই শিল্পীর।আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, দেশভাগের সময় কলকাতায় চলে আসে যোগেন চৌধুরীর পরিবার।
সূত্র: প্রথম আলো