ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী ও স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তারকে (৪৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকলে চিনে ফেলায় ডালিয়াকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন গ্রেপ্তার ব্যক্তিরা। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেছেন নিহত ডালিয়া আক্তারের ছোট মেয়ে লিজা আক্তার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধ্যেপাড়া এলাকার বাসিন্দা মো. অনিক (১৯), চান্দেরচর এলাকার বাসিন্দা মো. আশিক (২৩) ও চর গুলাগুলিয়া এলাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৬)।আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস/দক্ষিণ) তরিকুল ইসলাম গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্য জানান।তরিকুল ইসলাম বলেন, গত শুক্রবার সকাল ছয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের রসুলপুর এলাকার সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেন।
সূত্র: প্রথম আলো