বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে কার্ডের মাধ্যমে পরিশোধিত ডলার বা বিদেশি মুদ্রা পান বিক্রেতারা, সেই বিদেশি মুদ্রার ১৫ শতাংশ পর্যন্ত নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে তারা। নতুন এই সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা পাবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ পর্যটকদের সেবা দেওয়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান।বাংলাদেশ ব্যাংক আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ তাদের বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষণের সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ টাকায় নগদায়ন করতে পারবে।
এর উদ্দেশ্য হলো বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করা।নতুন এ সুবিধার ফলে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় মেটানো সহজ হতে পারে।
সূত্র: প্রথম আলো