যে ২০০ মিটারে একবার সোনা জিতেছিলেন, আরেকবার চোটে পড়ে দৌড়ই শেষ করতে পারেননি, এবার সেই ২০০ মিটারেই সোনার হাসি ইমরানুর রহমানের। ১০০ মিটারের সোনা জিতেছেন তো আগেই। ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে দুই স্প্রিন্টে সোনা জিতে ২০২২ সালের পর আবারও একই প্রতিযোগিতায় ডাবলও পূর্ণ করেছেন দেশের দ্রুততম মানব। স্প্রিন্ট ডাবল জিতেছেন শিরিন আক্তারও, সেটিও ২০০ মিটারে নিজের রেকর্ড ভেঙে।
গত শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে ১০০ মিটারে সোনা জিতেছিলেন ইমরানুর ও শিরিন। আজ জাতীয় স্টেডিয়ামে ২০০ মিটারেও সবার আগে দৌড় শেষ করেছেন দুজন। ইমরানুর সময় নিয়েছেন ২১.১৮ সেকেন্ড। দ্বিতীয় হওয়া শান্ত কর্মকারের সময় ২১.৬৩ সেকেন্ড, আর ২১.৭৭ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন রাকিবুল হাসান।নারীদের ২০০ মিটারে ২৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড ভেঙে সোনা জিতেছেন শিরিন আক্তার।
আগের রেকর্ডটি ছিল ২০২৪ সালের জাতীয় অ্যাথলেটিকসে (২৪.৬৮ সেকেন্ড)।
সূত্র: প্রথম আলো