মডেলিং মানেই নির্দিষ্ট উচ্চতা, গড়ন কিংবা বয়সের ছকে নিজেকে আটকে রাখা নয়। এই ধারণাকে সামনে রেখে সব বয়সী মানুষের জন্য মডেল হওয়ার সুযোগ তৈরি করতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ।বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়ন—প্রচলিত এসব সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ।
আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি) সমন্বয়ে আয়োজিত ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে নতুন মুখ খুঁজে নেওয়া হবে। নির্বাচিত ব্যক্তিরা ব্র্যান্ডটির লিড মডেল হিসেবে কাজ করার সুযোগ পাবেন।এ উদ্যোগে অংশগ্রহণের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, গায়ের রং, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়ন কোনো বাধা নয়। বরং গুরুত্ব দেওয়া হবে প্রত্যেকের নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসকে।
যাঁরা আগে কখনো মডেলিং করেননি, এমনকি নিজেকে মডেল হিসেবে কল্পনাও করেননি, তাঁরাও অংশ নিতে পারবেন।
সূত্র: প্রথম আলো