অর্থসচিব হিসেবে মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। খায়েরুজ্জামান মজুমদার ২০২৩ সালের ২৩ আগস্ট থেকে অর্থসচিবের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, যোগ দেওয়ার তারিখ থেকে এক বছরের জন্য অবসরোত্তর ছুটি ও অন্যান্য সুবিধা স্থগিত রেখে খায়েরুজ্জামান মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত হলো যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছেড়ে দিতে হবে।খায়েরুজ্জামান মজুমদারের আগের অর্থসচিব ছিলেন ফাতিমা ইয়াসমিন, যিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়ে চলে যান ২০২৩ সালের আগস্টে।
সূত্র: প্রথম আলো