২৯ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণার শেষ দিন ছিল গতকাল সোমবার। এদিন সকাল থেকেই ব্যস্ত ছিলেন প্রার্থীরা। কেউ ছুটেছেন গ্রামে গ্রামে, কেউ করেছেন পথসভা, আবার কেউ জনসভায় তুলে ধরেছেন নিজের উন্নয়ন পরিকল্পনা।
শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতাও ছিল চোখে পড়ার মতো।বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) ও ১১–দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) দিনভর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলামের (হাতপাখা) পক্ষে শহরে গণমিছিল হয়েছে।
এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আবদুল আলীম নিজামীর (বটগাছ) মাইকিং শোনা গেলেও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের (ডাব) কোনো প্রচারণা চোখে পড়েনি।২৯ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।
সূত্র: প্রথম আলো