ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের পুলিশ পরিদর্শক আসমাউল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল সোমবার গভীর রাতে নূরুজ্জামানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। প্রথমে তাঁকে গুরুদাসপুর থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে নাটোর জেলা সদরে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করে ডিবি।পরে বিকেল পাঁচটার দিকে নূরুজ্জামানকে ডিবি কার্যালয় থেকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হয়।
তাঁকে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের (এমপি) ছেলে।
সূত্র: প্রথম আলো