বাংলাদেশের জলবায়ু অভিযোজনে ২০৫০ সাল পর্যন্ত প্রায় ২৮ লাখ ৫২ হাজার কোটি টাকা প্রয়োজন। সিরাজগঞ্জ শহরের আমলাপাড়ার একটি বস্তিতে সৌরবিদ্যুতে চলে পানির পাম্প। দুই বছর আগে পাম্পটি চালু হওয়ার পর বস্তির মানুষের পানির কষ্ট কিছুটা কমেছে। গত জুনের এক দুপুরে সেখানে কথা হয় মাকসুদা বেগম, রাহেলা খাতুনসহ কয়েকজন নারীর সঙ্গে। রাহেলা বলেন, ‘আগে পৌরসভার লাইনের পানি আসত দিনে দুইবার। সেই পানির জন্য লাইন দ্যায়া লাগত।
কখন আসব, তার কোনো গ্যারান্টি আছিল না। এখন তো যহন চাই, পানি পাই।’স্থানীয় একটি এনজিওর উদ্যোগে জলবায়ু তহবিলের অর্থায়নে পাম্পটি বসানো হয়েছে। তবে এই পাম্প যেন সিন্ধুতে বিন্দু। স্থানীয় লোকজন ও পৌরসভার কর্মকর্তাদের হিসাবে, শহরে প্রায় ৩০টি বস্তি থাকলেও আর কোথাও এমন ব্যবস্থা নেই।
অর্থাৎ, জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য।বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে যাঁরা শহরে আসছেন, তাঁদের জন্য নিরাপদ পানি, বাসস্থান ও স্যানিটেশনের ব্যবস্থা সামান্য।
সূত্র: প্রথম আলো