নোয়াখালী বন্ধুসভার চলতি বছরের ২৩তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর বিকেলে আয়োজিত এই আসরে লেখক ফরহাদ খানের ‘শব্দের গল্প’ বইটি নিয়ে আলোচনা করা হয়। এতে শব্দের জন্ম, অর্থের রূপান্তর এবং সময়ের সঙ্গে ভাষার বিবর্তন নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
পাঠচক্রে বইটির ‘শব্দগুলো ইংরেজদের নয়’, ‘বাংলা মাসের নামের কথা’, ‘শব্দগুলো বিদেশি’ এবং ‘বাংলা ভাষায় ভূত’সহ নির্বাচিত অংশ পাঠ ও বিশ্লেষণ করা হয়। ইংরেজি ও অন্যান্য বিদেশি শব্দ কীভাবে বাংলায় মিশেছে এবং বাংলা মাসের নামকরণের পেছনের নক্ষত্র ও জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দৈনন্দিন লোকজ শব্দ ও লোকবিশ্বাসের সাংস্কৃতিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বন্ধু আফরিনা ইসলাম বলেন, ‘একটি শব্দের গল্প মানে শুধু তার অর্থ জানা নয়; বরং তার জন্ম, বিবর্তন ও মানুষের জীবনের সঙ্গে তার সম্পর্ককে আবিষ্কার করা।’ আসরে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি উম্মে ফারহিন, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ধ্রুব ভূঁইয়া, বন্ধু ফাইজা ইসলাম ও প্রিয়ারুলসহ অনেকে।
সূত্র: প্রথম আলো