ভারতের অরুণাচল প্রদেশের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনাকে ঘিরে পুলিশের পদক্ষেপের কড়া নিন্দা করেছে অরুণাচল প্রদেশ প্রেসক্লাব (এপিসি) এবং অরুণাচল প্রদেশ ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস (এপিইউডব্লিউজে)। ২২ অক্টোবর পাসিঘাটে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টের বিরুদ্ধে চলা বিক্ষোভে ওই এলাকায় ব্যাপক সহিংসতা ছড়ায়। সেই ঘটনার তদন্তে পুলিশ আদালতে তল্লাশি পরোয়ানার আবেদন করে।
সেই তালিকায় সাংবাদিক রিনার নাম থাকা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সাংবাদিক সংগঠনগুলোর দাবি এই ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত। অভিযোগ উঠেছে সাংবাদিক পেশার সঙ্গে যুক্তদের ভয় দেখানোর জন্যই তদন্তকারী সংস্থার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।
তোঙ্গম রিনা ‘দ্য অরুণাচল টাইমস’ পত্রিকার ডেপুটি এডিটর পদে কর্মরত।ইস্ট সিয়াং জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া আবেদনপত্রে পুলিশ মোট চারজনের বাড়িতে তল্লাশির অনুমতি চায়।
সূত্র: প্রথম আলো