পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের আড়ালে পরিকল্পিত নাশকতার অভিযোগ তুলেছে পুলিশ। রাজধানীর মিরপুর ও গাজীপুরে পুলিশের গাড়ি ও বক্সে আগুন এবং হামলা-ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ।এসব ঘটনায় গতকাল রোববার ঢাকা ও গাজীপুরে ৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ।
এর মধ্যে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকি ৮ জনকে থানা-পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
আর গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানি ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ জন নেতা-কর্মীসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবি পুলিশ বলছে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে কাজে লাগিয়ে মিরপুরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
সূত্র: প্রথম আলো