প্রকৃত নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই বিপদ থেকে বাঁচতে ইসলাম যেমন বাস্তবসম্মত সতর্কতা অবলম্বনের শিক্ষা দিয়েছে, তেমনি কোরআন-হাদিসে বর্ণিত কিছু দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর আশ্রয় চাইতেও উৎসাহিত করেছে।নিজেকে নিরাপদ রাখার এমন কয়েকটি আমল হলো:সকাল-সন্ধ্যায় তিন কুল পাঠ সুরা ইখলাস, ফালাক ও নাস—তিনটি সুরাকে একসঙ্গে ‘তিন কুল’ বলা হয়। সুরাগুলো মুমিনের আত্মিক সুরক্ষার গুরুত্বপূর্ণ আমল।
সুরা ইখলাসে আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে। আর সুরা ফালাক ও নাসে যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে।রাসুল (সা.) বলেন, ‘তুমি সকাল-সন্ধ্যায় তিনবার সুরা ইখলাস ও দুই মুআওয়িজাত (ফালাক ও নাস) পাঠ করো। তা তোমার জন্য সবকিছুর বিপরীতে যথেষ্ট হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৮২)ঘুমানোর আগে তিন কুল পড়ে শরীরে ফুঁ দেওয়ার একটি বিশেষ পদ্ধতিও হাদিসে বর্ণিত হয়েছে।
আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, নবীজি প্রতি রাতে বিছানায় যাওয়ার সময় দুই হাত এক করে এই তিন সুরা পাঠ করে তাতে ফুঁ দিতেন।
সূত্র: প্রথম আলো