গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের ঘটনা ঘিরে শিক্ষককে থাপ্পড়, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামি ও শিশুটির বাবাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন চেয়ে করা শিশুটির বাবার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।গত ১৯ অক্টোবর টঙ্গীর মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়।
একই দিন শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।
সূত্র: প্রথম আলো