নিখোঁজের দুই দিন পর কুমিল্লার বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় কলেজ ক্যাম্পাসের বাইরে একটি মাদ্রাসাসংলগ্ন পুকুর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।কলেজ সূত্রে জানা গেছে, আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকার বাসিন্দা।
তাঁর বাবার নাম আলতাফ হোসাইন রাথার এবং মায়ের নাম নিঘাত বেগম। তিনি ইস্টার্ন মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (ইএমসি-১৪ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কাছের একটি হোটেলে যান। এরপর রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বুড়িচং থানায় তাঁর নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর পুলিশ তাঁকে উদ্ধারে কুমিল্লা শহরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।বুধবার সকালে স্থানীয় লোকজন কলেজের কাছের একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন।
সূত্র: প্রথম আলো