এক থেকে দুই মাসের মধ্যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে একটি বছর হারিয়ে যাবে না। তাঁদের পরবর্তী পরীক্ষার জন্য এক বছর অপেক্ষা করতে হবে না।
২০২৬ সালে পুনরায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন অকৃতকার্য শিক্ষার্থী।গত ৩১ অক্টোবর দেশের ১১টি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।২০০৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এ বছর অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে, ৬১ দশমিক ৮০ শতাংশ; আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
সূত্র: প্রথম আলো