চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীতে আগাম আবহাওয়া বার্তা ও দুর্যোগের পূর্বাভাস মানুষের কাছে পৌঁছে দিতে যুব স্বেচ্ছাসেবক এবং মেট ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ ধরনের উদ্যোগের জন্য তিনি তরুণ স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, স্বেচ্ছাসেবকদের কার্যক্রম তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন।
দুর্যোগের আগাম সতর্কবার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তাঁদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।‘আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপদান’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন এ কথা বলেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে এ অনুষ্ঠান হয়।
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এ সংলাপের আয়োজন করে।চট্টগ্রাম নগরীর পাহাড়ধসসহ বহুমাত্রিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব ও অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
সূত্র: প্রথম আলো