নদী আর বঙ্গোপসাগরঘেরা বরগুনার ছোট্ট উপজেলা পাথরঘাটা। ১৯ অক্টোবর, সোমবার। সাপ্তাহিক হাটের দিন না হলেও সকাল নয়টার দিকেই বাজারে ব্যস্ততা দেখা গেল। গ্রামের চাষিরা সবজি নিয়ে এসেছেন, জেলেরা ব্যস্ত মাছের ঝুড়ি নিয়ে। মুদিদোকানগুলো সবে জমতে শুরু করেছে। বাজারের এক কোণে ছোট্ট একটি দোকানের সামনে দাঁড়িয়ে এক নারী মুঠোফোনে কথা বলছেন।
ফোন রেখে তিনি দোকানে বসা নারীকে বললেন, ‘আফা, টাকাডা আইছে?’ মুঠোফোনের পর্দায় লেনদেনের বার্তা দেখে দোকানি বললেন, ‘হ, আইছে। তুলবেন?’ টাকা হাতে নিয়ে কয়েকবার গুনলেন ওই নারী। মুখে ফুটল স্বস্তির হাসি। জিজ্ঞেস করে জানা গেল, ফোনের ওপাশে ছিলেন সৌদিপ্রবাসী স্বামী। সংসারের মাসের খরচ পাঠিয়েছেন তিনি। দোকানের নারীটির নাম তানিয়া আক্তার, বয়স ৩৫ বছর। কয়েকটি মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের এজেন্ট তিনি।
সকাল থেকেই তাঁর দোকানে মানুষের আসা-যাওয়া।
সূত্র: প্রথম আলো