২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাস গড়েন তিনি। যুক্তরাষ্ট্রে কোনো কৃষ্ণাঙ্গ মানুষ প্রেসিডেন্ট হবেন, এটা ছিল কল্পনার বাইরে। ওই বছরের ৪ নভেম্বর সেই কল্পনাকে বাস্তবে রূপ দিলেন বারাক ওবামা। তাঁকে নিয়ে আজকের আয়োজন।বারাক ওবামার নানি ম্যাডেলিন ডানহ্যাম মারা যান ২০০৮ সালের ২ নভেম্বর। নানিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছিলেন ওবামা। এই নানিই তাঁকে কোলে-পিঠে করে বড় করেছিলেন।
তবে শোকের সেই সময়েই তাঁর জীবনে আসে সবচেয়ে বড় সুখবর। দুই দিন পর, ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ওবামা। সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ওবামা পান ৩৬৫টি ইলেকটোরাল ভোট। তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইন পান ১৭৩টি। পরের বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওবামা।
যুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের মানুষের কাছে এটি ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার এক মুহূর্ত।
সূত্র: প্রথম আলো