ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে আরব দলগুলোর প্রতিনিধিরা আইজেনকটের প্রতি সমর্থন জানান। এর ফলে পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন বিরোধী জোটের এই নেতা। তবে আরব দলগুলোর সমর্থন পেলেও তাদের সঙ্গে সরকার গঠনে আপত্তি রয়েছে আইজেনকটের সম্ভাব্য জোটের কয়েকটি ইহুদি দলের।
গতকাল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো। ফলাফল স্পষ্ট হলেও সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে দলগুলোর নেতাদের সঙ্গে আরও আলোচনা করবেন বলে জানিয়েছেন হারজগ।
আগামী রোববার তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।আইজেনকটের দল ইয়াশার দ্রুত তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র: প্রথম আলো