গাইবান্ধায় চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছে বেঁধে বেদম পেটানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নারীর দুই হাত ও দুই পা গাছের সঙ্গে বাঁধা। তাঁকে শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি গাছের চিকন ডাল দিয়ে পেটাচ্ছেন।প্রতিবার আঘাতের পর চিৎকার করে ও কান্নাজড়িত গলায় বাঁচার আকুতি জানাচ্ছিলেন ওই নারী।
‘ও আল্লারে, ও আল্লারে’, ‘ও বাবা, ও মা রে’, ‘মোক ক্যা ডাঙ্গাস রে (আমারে মারছিস কেন)’ ইত্যাদি বলে চিৎকার করছিলেন। পাশে থেকে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘ওর পায়োত ভালো করি গেরন (শক্ত করে বাঁধা) দেও।’ আরেকজনকে বলতে শোনা যায়, ‘ক্যামনে বানদোন দিলু...।’স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটি ২ নভেম্বরের। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারীর বিরুদ্ধে ছাগল ও সেচপাম্পের মোটর চুরির অপবাদ তোলে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে পেটানো হয়।নারীকে গাছে বেঁধে পেটানোর সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
সূত্র: প্রথম আলো