ভাত রান্নার হাঁড়ি কিংবা খিচুড়ির পাতিলটি হয়তো নতুন কেনা। প্রতিদিনের মতো সেই পাত্রেই রান্না হচ্ছে পরিবারের খাবার। কিন্তু অজান্তেই সেই খাবারের সঙ্গে শরীরে সিসার মতো বিষাক্ত ধাতু ঢুকে পড়ছে, তা নিয়ে সচরাচর কেউ ভাবেন না। অথচ বাংলাদেশে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র নিয়ে নতুন এক গবেষণায় দেখা গেছে, এসব পাত্র থেকে সিসা খাবারে মিশতে পারে। নতুন পাত্রে এই ঝুঁকি বেশি, তবে পুরোনো পাত্রও ঝুঁকিমুক্ত নয়।
গবেষণায় নতুন অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা ভাতের প্রতি কেজিতে সর্বোচ্চ গড়ে ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে। কয়েকবার ব্যবহারের পর খাবারে সিসার পরিমাণ কমলেও তা উদ্বেগজনক মাত্রায় থেকে গেছে। শুধু তা-ই নয়, পাত্র পরিষ্কারের সময় শক্ত তারের জালি দিয়ে ঘষলে সিসা নির্গমনের পরিমাণ আরও বেড়েছে।
রান্না করা খাবারে এত পরিমাণে সিসা পাওয়া গেলেও খাদ্যে এর সামান্যতম উপস্থিতিও গ্রহণযোগ্য মনে করে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সূত্র: প্রথম আলো