রাজধানীতে শনিবার একাধিক বড় কর্মসূচির কারণে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন ও তেজগাঁওসহ আশপাশের সড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ সংশ্লিষ্ট এলাকার পথচারী ও যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেলা তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মানিক মিয়া অ্যাভিনিউমুখী একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় নয়াপল্টন, কাকরাইল, ফার্মগেট ও আসাদগেট এলাকায় বিকেলে গাড়ির চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল থেকে প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ চলায় তেজগাঁও ও বাণিজ্য মেলার মাঠ সংলগ্ন এলাকাগুলোতে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে।
ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, কনসার্টের জন্য এক পাশের সড়ক বন্ধ থাকলেও বিপরীত লেনে বিভাজন দিয়ে উভয়মুখী গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বিকেলে ভিড় বেশি হলে শ্যামলীর দিক থেকে আসা যানবাহনগুলো লেক রোড, খেজুরবাগান ও কলাবাগানের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। তবে বিকল্প পথের বদলে মূল সড়ক দিয়েই যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সূত্র: প্রথম আলো