নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি মাদ্রাসার বটগাছের মগডালে উঠে পড়া মো. আলহাজ্ব (১৩) নামের এক কিশোরকে প্রায় তিন ঘণ্টা পর নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারের পর তাকে নানা-নানির জিম্মায় দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশিলা গ্রামের একটি মাদ্রাসা-সংলগ্ন বটগাছে এ ঘটনা ঘটে।
আলহাজ্ব নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে। মানসিকভাবে ভারসাম্যহীন এই কিশোর নানা-নানির সঙ্গে থাকত। শুক্রবার সকাল সাতটা থেকে খোঁজাখুঁজির পর সাড়ে ১০টার দিকে তাকে ওই বটগাছের মাথায় দেখতে পেয়ে স্থানীয়রা নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উদ্ধারে যাওয়া কর্মীদের দেখে কিশোরটি আরও ওপরে উঠতে থাকে। নিচে নিরাপত্তা জাল ধরে এবং কলা-বিস্কুটের প্রলোভন দেখিয়েও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের এক সদস্য গাছে উঠে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
সূত্র: প্রথম আলো