হাতে কালো মার্কার। শ্রেণিকক্ষের সাদা বোর্ডে আরবিতে একের পর এক বাক্য লিখে চলেছেন মাওলানা মুনির আহমেদ। বিমানবন্দরে আরবিতে কীভাবে কথা বলতে হয়, তারই সংলাপ। এরপর সামনে ডেকে আনেন এক ছাত্র ও এক ছাত্রীকে। দুজন দুই ভূমিকায় বোর্ডের সংলাপ বলে যায়, ভুল হলে শিক্ষক ধরিয়ে দেন। অন্য শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখে। দৃশ্যটি চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার।
শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরের এই মাদ্রাসায় আরবির প্রভাষক মুনির আহমেদ (৪৪)। গত ১৫ অক্টোবর মাদ্রাসায় গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। এভাবে পড়ানোর কারণও জানালেন মুনির আহমেদ। জীবিকার খোঁজে এ দেশের বিপুলসংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যে যান, কিন্তু ভাষা না জানায় অনেকে বিপাকে পড়েন। তাই কমিউনিকেটিভ পদ্ধতিতে শিক্ষার্থীদের আরবিতে কথা বলা শেখান তিনি। তাঁর মতে, ভাষাটা রপ্ত থাকলে মধ্যপ্রাচ্যে কাজ, ব্যবসা বা পড়াশোনায় সুবিধা হয়।
তবে পাঠ্যবই বা ভাষা শেখানোয় থেমে থাকতে চান না মুনির আহমেদ।
সূত্র: প্রথম আলো