ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) একটি ব্যানারের ওপর ‘কটু’ কথা লেখার অভিযোগে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত দুই ছাত্রীর এই বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে যেকোনো ডিগ্রি কোর্সে ভর্তির ক্ষেত্রেও চিরতরে নিষিদ্ধ করা হয়েছে।
ওই ব্যানারে স্বামী বিবেকানন্দের ছবি ছিল।বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া প্রাচীন এই প্রতিষ্ঠান ভারতের একটি প্রধান উদারমনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।
২০০ বছরের বেশি পুরোনো এই প্রতিষ্ঠান থেকে দক্ষিণ এশিয়া তো বটেই, বিশ্বের খ্যাতনামা অনেক মানুষ পাস করে বেরিয়েছেন।জানা গেছে, শাস্তিপ্রাপ্ত দুই ছাত্রীর একজন স্বর্ণপদকপ্রাপ্ত স্নাতকোত্তর ছাত্রী এবং অন্যজন সদ্য স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হলেও পোস্ট-স্টুডেন্টশিপের বিভিন্ন শিক্ষাসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।ঘটনাটি ঘটে গত ১৩ অক্টোবর।
সূত্র: প্রথম আলো